ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণ গেল ১৯ জনের, আহত ১৫০’র বেশি – আতঙ্কে গোটা এলাকা

reporter

প্রকাশিত: ০৭:৪৭:৫৩অপরাহ্ন , ২১ জুলাই ২০২৫

আপডেট: ০৭:৪৭:৫৩অপরাহ্ন , ২১ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, শতাধিক শিশু গুরুতর দগ্ধ; তদন্তে বিমানবাহিনী ও প্রশাসন


রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের এবং আহত হয়েছে ১৫০ জনের বেশি। আহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের জানান, নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এর আগে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। তারা দগ্ধ অবস্থায় গুরুতর ঝুঁকিতে রয়েছেন। আহতদের বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং উত্তরার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে দুপুর আনুমানিক ১টা ৬ মিনিটে, যখন বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জরুরি ভিত্তিতে চারজন আহত ব্যক্তিকে সিএমএইচ-এ স্থানান্তর করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান, দুর্ঘটনার পর দ্রুত অন্তত তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পরপরই কলেজ ক্যাম্পাস জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে শিক্ষার্থীরা ছুটোছুটি শুরু করে।

দুর্ঘটনার পর গোটা দিয়াবাড়ী এলাকা ঘিরে ফেলে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেয় দুটি প্লাটুন বিজিবি, বিমানবাহিনীর একটি টিম, সেনা সদস্য ও ফায়ার সার্ভিস।

একজন অভিভাবক আবেগভরা কণ্ঠে বলেন, “আমি জানি না আমার ছেলেটা কেমন আছে। স্কুলে পাঠিয়েছিলাম, এখন হাসপাতালে দৌড়াচ্ছি!”

এদিকে, দুর্ঘটনার ভয়াবহতায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে একের পর এক ভিডিও ও ছবি, যেখানে আগুনে পুড়ে যাওয়া ভবন ও হতাহতের মর্মান্তিক দৃশ্য দেখা যায়।

এই বিমান দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে সামরিক উড্ডয়নের নিরাপত্তা ও প্রশিক্ষণ ব্যবস্থা নিয়ে। জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার যৌক্তিকতা নিয়েও উঠেছে সমালোচনা।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনী জানিয়েছে, তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

বিমান দুর্ঘটনার শিকার হওয়া মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।

এ মর্মান্তিক ঘটনায় গোটা জাতি শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে দেশবাসী। 

reporter