ছবি: ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার বেলা ১১টায় পুনরায় শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরুর পর রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়া হবে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়া হয়, যেখানে সরকারি ও বিরোধী দলসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া সংসদের বিধি-৭১ অনুযায়ী জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে, যেগুলো অধিবেশনের আলোচ্যসূচিতে ধাপে ধাপে উত্থাপন করা হতে পারে। নতুন সংসদের কার্যক্রম শুরুর পর এটি প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস হওয়ায় আজকের অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি গঠন, আইন প্রণয়ন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে আলোচনা এই অধিবেশনে প্রাধান্য পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
reporter

