ছবি: ফাইল ছবি
বিএনপি ক্ষমতায় এলে দেশে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার পরিসর বাড়ানো হবে এবং মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক এক আলোচনা ও চা–চক্রে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী, তাই তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন পূর্ণতা পেতে পারে না। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চিকিৎসার অভাবে সন্তান জন্মদানের সময় অনেক মা অকালে প্রাণ হারান, তাই প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদভাবে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে তিনি বলেন, কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন, অনেক নারী নিরাপত্তাহীনতার কারণে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন না, এমনকি গার্মেন্টস খাতের নারী কর্মীদের রাতের চলাচলও নিরাপদ নয়। এ অবস্থার পরিবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে, পাশাপাশি নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা এবং কর্মস্থলে ডে–কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রতিটি মা নিশ্চিন্তে কাজ করতে পারেন। বয়োজ্যেষ্ঠ নারীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরাই প্রবীণ মায়েদের অবহেলা করেন, তাই পিতা–মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নারীদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, নারী সাপোর্ট সেল গঠন করা হবে এবং উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে, পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আলোচনায় অংশ নেওয়া বক্তারা এলাকার পরিবেশ, যানজট ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং এসব সমস্যার সমাধান বিএনপির ইশতেহারে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান জুবাইদা রহমান।
reporter

