ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

reporter

প্রকাশিত: ০২:১১:১৭অপরাহ্ন , ০১ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ০২:১১:১৭অপরাহ্ন , ০১ ফেব্রুয়ারী ২০২৬

বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ছবি: বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ঢাকা–১৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক পল্লবী–মিরপুর এলাকার দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, একটি প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাসাবাড়ির গ্যাস সংযোগ বন্ধ রেখে সিলিন্ডার ব্যবসাকে লাভবান করেছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর ১১ নম্বর, সবুজ বাংলা আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। সকালে প্রচারণা শুরু হলে স্থানীয় বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের উন্নয়ন পরিকল্পনার লিফলেট বিতরণ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, “গ্যাস সংকট এখন জাতীয় সমস্যা হলেও মিরপুর–পল্লবীতে এর তীব্রতা বেশি। একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। সরকার গঠন করতে পারলে অগ্রাধিকার ভিত্তিতে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর–পল্লবীকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। নির্বাচিত হলে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, কোনো ধরনের উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সম্পন্ন করাই তাদের লক্ষ্য।

ভোটারদের উদ্দেশে আমিনুল হক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনারা নির্ভয়ে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা ব্যালটের মাধ্যমেই জনগণের রায় প্রত্যাশা করছি।”

প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন এলাকায় এনআইডি কার্ডের ছবি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নম্বর সংগ্রহের তথ্য পাওয়া যাচ্ছে, যা সন্দেহজনক। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে তিনি দাবি করেন।

দিনব্যাপী গণসংযোগে মিরপুর–পল্লবীর বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার প্রচারণা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

রিপোর্টার - মুরাদ হোসেন লিটন

reporter