ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সরাইলে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

reporter

প্রকাশিত: ০৮:৪৬:৫৭অপরাহ্ন , ২১ আগস্ট ২০২৫

আপডেট: ০৮:৪৬:৫৭অপরাহ্ন , ২১ আগস্ট ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলায় স্থাপনের দাবিতে স্থানীয় জনগণ মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

‘উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সঞ্চালনা করেন কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বিএনপির দপ্তর সম্পাদক সালাউদ্দীন আহমেদ বিপ্লব, জাসাস রিপন ঠাকুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ এবং মাওলানা হাবিবুর রহমান।

বক্তারা বলেন, সরাইল উপজেলা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত হয়ে আসছে। ব্রাহ্মণবাড়িয়া শহর ও এর আশপাশে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থাকলেও সরাইলের সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যেতে হয়। ফলে স্থানীয় বাসিন্দারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা উল্লেখ করেন, সরাইল উপজেলা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-সিলেট মহাসড়ক এবং কুমিল্লা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সংযোগস্থল হিসেবে এই এলাকা শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, সিলেট, কুমিল্লা ও পার্শ্ববর্তী অন্যান্য জেলার মানুষের জন্যও একটি সহজলভ্য কেন্দ্র। এই অবস্থানে যদি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হয়, তবে বৃহত্তর অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা গ্রহণে সুবিধা পাবেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চিকিৎসা খাতে সমতা নিশ্চিত করতে হলে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে। তাই সেটি সরাইল উপজেলায় প্রতিষ্ঠা করা হলে সরকারিভাবে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি চিকিৎসা সেবার ন্যায্যতা নিশ্চিত হবে।

তাদের দাবি, চিকিৎসা সুবিধার দিক থেকে সরাইল এখনও পিছিয়ে। সরকারি হাসপাতালের অভাবের কারণে গ্রামীণ জনগণকে প্রতিদিন নানান সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে না পেরে সীমিত চিকিৎসা সেবায় বাধ্য হচ্ছেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকার এই দাবির প্রতি সহানুভূতিশীল হবে এবং দ্রুত প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ সরাইল উপজেলায় স্থাপনের পদক্ষেপ নেবে। তারা মনে করেন, এ সিদ্ধান্ত শুধু সরাইল নয়, বরং দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনগণের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

মানববন্ধন শেষে আয়োজকরা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে সরাইলের ভৌগোলিক গুরুত্ব, অবহেলিত স্বাস্থ্যসেবা পরিস্থিতি এবং বৃহত্তর জনগণের স্বার্থের বিষয়টি উল্লেখ করে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

সরাইলের সাধারণ মানুষ মনে করেন, এ দাবি বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে। মেডিকেল কলেজকে কেন্দ্র করে সংশ্লিষ্ট অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তারা বলেন, দীর্ঘদিনের অবহেলা দূর করতে এবং চিকিৎসা খাতকে আধুনিকায়নের জন্য এই দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।

reporter