ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সফল হতে হবে’

reporter

প্রকাশিত: ০৭:৪৮:৩২অপরাহ্ন , ০১ মার্চ ২০২৫

আপডেট: ০৭:৪৮:৩২অপরাহ্ন , ০১ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পবিত্র রমজান মাসে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য প্রতিদিন ইফতারে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে প্রতিদিন বিকাল ৫টায় এ গণইফতার মাহফিলের আয়োজন করা হবে। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, রমজান মাস আসলেই দ্রব্যমূল্য বৃদ্ধি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। অতীতে দেখা গেছে, সরকারের মদদপুষ্ট কিছু সিন্ডিকেট ও চাঁদাবাজ গ্রুপ এসব অপরাধে জড়িত থাকত। তবে বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, যারা নির্দিষ্ট কোনো দলের পক্ষে নেই। তাই এবারের রমজানে সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, রমজান মাসে সরকারের জন্য এটি একটি পরীক্ষা। এই পরীক্ষায় সরকারকে সফল হতে হবে, যাতে মানুষ নির্ভয়ে ও নিরাপদে ইবাদত-বন্দেগি করতে পারে।

তিনি আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানজট নিরসন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সফল হতে হবে। যদি সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়, তাহলে আগামী দিনে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মানুষের মধ্যে অনাস্থা সৃষ্টি হতে পারে।

রমজান মাসে যানজট নিরসন এবং সারা দেশে যোগাযোগ ব্যবস্থায় জনভোগান্তি দূর করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মঞ্জু। তিনি বলেন, রমজান মাসে মানুষের চলাচল ও যাতায়াতের সুবিধার্থে সরকারকে বিশেষ পরিকল্পনা নিতে হবে।

এবি পার্টির পক্ষ থেকে সারা দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি হিসেবে উল্লেখ করেন মঞ্জু। তিনি বলেন, এই কর্মসূচি শুধু এবি পার্টির জন্য সীমাবদ্ধ নয়। সমাজের স্বচ্ছল ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও নিজ নিজ উদ্যোগে এমন কর্মসূচি গ্রহণ করতে পারে। যারা নিজেরা সরাসরি এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন না, তারা চাইলে এবি পার্টির তহবিলে খাদ্য সামগ্রী বা নগদ অর্থ প্রদান করে এই মহৎ কাজে অংশ নিতে পারেন বলে তিনি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনসাধারণের সুবিধার্থে সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, যুবপার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, সহকারী স্বেচ্ছাসেবক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, যুবনেতা ইমরান হোসেন শিবলুসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

এবি পার্টির এই গণইফতার কর্মসূচি রমজান মাসজুড়ে চলবে বলে জানানো হয়েছে। দলটি আশা প্রকাশ করে যে, এই উদ্যোগ অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের অন্যান্য স্তরকেও অনুপ্রাণিত করবে।

reporter