ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

ছুটির দিনে উপচেপড়া ভিড়ে জমজমাট অমর একুশে বইমেলা

reporter

প্রকাশিত: ০৯:৩২:০৬অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৩২:০৬অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা শেষ করেছে তার অর্ধেক সময়কাল, আর এই সময়ের মধ্যেই বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। প্রতিদিনই পাঠকরা আসছেন, বই কিনছেন, ঘুরে বেড়াচ্ছেন আর ছবি তুলছেন। তবে ছুটির দিনে বিশেষত শনিবার মেলায় দেখা গেছে উপচেপড়া ভিড়, যা বই বিক্রিকেও বাড়িয়ে দিয়েছে।

মেলা প্রাঙ্গণে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রবেশপথ ও বাহিরপথে ছিল দীর্ঘ সারি। ভেতরে প্রবেশ করতেই মনে হয় যেন জনসমুদ্রে হারিয়ে যেতে হচ্ছে। এদিন ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেক দর্শনার্থী মেলায় এসেছিলেন। ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবের আমেজ যেন এখনো কাটেনি। শিশু প্রহরেও ছিল উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি পায়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো।

সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় টিএসসি সংলগ্ন গেট দিয়েই প্রবেশ করেন অধিকাংশ দর্শনার্থী। নারী-পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়ে নিরাপত্তা তল্লাশি শেষে মেলায় প্রবেশ করেন। পাঠকদের সুবিধার্থে মূল ফটকের সামনে অনুসন্ধান ও ঘোষণা বুথের পাশাপাশি মেলার ম্যাপও রাখা হয়েছে। এরপর প্যাভিলিয়ন, স্টল এবং লিটলম্যাগ কর্নার ঘিরে ছিল উৎসুক পাঠকদের ভিড়।

এদিকে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় অনেক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরাও মেলায় আসেন। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের অতিরিক্ত ভিড় এড়াতে যারা আগে মেলায় আসেননি, তারা অনেকেই স্বজনদের সঙ্গে শনিবার মেলায় আসেন। ফলে বিক্রেতারাও ব্যস্ত সময় কাটিয়েছেন।

বই বিক্রেতাদের মতে, এবারের মেলায় শুরু থেকেই বিক্রি মোটামুটি ভালো। তবে ছুটির দিনে বই বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিকাল গড়াতেই মেলায় দর্শনার্থীদের চাপ বাড়তে থাকে, যা সামাল দিতে বিক্রয়কর্মীদের হিমশিম খেতে হয়েছে।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী রুহুল আমিন সরকার বলেন, “ঢাবির ভর্তি পরীক্ষা শেষে কাজিনসহ টঙ্গী থেকে বইমেলায় এসেছি। এখনো বই কেনা হয়নি, তবে পছন্দসই বই খুঁজছি।”

আজিমপুর থেকে আসা শাহনাজ পারভীন বলেন, “মেলায় এত ভিড় হবে ভাবতেই পারিনি। দশ মিনিট লাইনে দাঁড়িয়ে পরে ঢুকতে পেরেছি। তবে মেলায় এসে ভালো লাগছে, এরই মধ্যে দুটি উপন্যাস কিনেছি।”

তবে, ভিড় থাকলেও বিক্রির পরিমাণ প্রত্যাশামতো নয় বলে জানিয়েছেন অনেক বিক্রেতা। একাধিক প্রকাশনীর বিক্রয়কর্মীরা জানান, প্রতিদিনের তুলনায় এদিন মানুষের সমাগম দ্বিগুণ হলেও, অনেকেই শুধুমাত্র ছবি তুলে চলে যাচ্ছেন, তেমন কেনাকাটা করছেন না।

জ্ঞ্যানকোষ প্রকাশনীর বিক্রয়কর্মী রাহি আক্তার বলেন, “মেলায় প্রচুর ভিড় হয়েছে, তবে অন্যদিনের তুলনায় ছুটির দিনে বিক্রি মোটামুটি ভালো হয়েছে।”

প্রথমা প্রকাশনীর বিক্রেতা শাহরিয়ার হোসেন বলেন, “মানুষের সংখ্যা বেশি হলেও বিক্রি প্রত্যাশামতো হয়নি। অধিকাংশ মানুষ এসে শুধু ঘুরে বেড়াচ্ছেন ও ছবি তুলছেন।”

শনিবার বইমেলার ১৫তম দিনে মেলা শুরু হয় দুপুর ২টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। এদিন নতুন বই এসেছে ১৭৫টি। সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী সুমন মজুমদার, প্রিয়াংকা গোপ ও রেজাউল করিম।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মুহম্মদ আবদুল বাতেন, আলোচনায় অংশগ্রহণ করেন তারেক রেজা ও মহিবুর রহিম। সভাপতিত্ব করেন আবদুল হাই শিকদার।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শহীদুল্লাহ ফরায়েজী ও কবি ও গবেষক মহিবুর রহিম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি তারিফ রহমান ও কবি জাহিদ হায়দার। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সায়েরা হাবীব, শারমিন জুঁই ও শাহনাজ পারভীন লিপি। এছাড়াও মো. শহিদুল্লাহর পরিচালনায় ‘শহীদ শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক একাডেমি’ এবং চৈতী পারভীনের পরিচালনায় ‘শিল্পবৃত্ত’ পরিবেশনা উপস্থাপন করে।

আগামীকাল রোববার অমর একুশে বইমেলার ১৬তম দিন। এদিন মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : জহির রায়হান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কবি সহুল আহমদ। আলোচনায় অংশ নেবেন মশিউল আলম ও আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করবেন মাহবুব হাসান।

reporter